দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন অবলম্বনে নির্মিত ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তির পর কেটে গেছে প্রায় ১৫ বছর। এবার সেই আলোচিত সিনেমার দ্বিতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনার কথা জানালেন প্রযোজক একতা কাপুর। তবে নতুন ছবিতে কার জীবন উঠে আসবে, তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি।
সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে অংশ নিয়ে একতা জানান, দীর্ঘ ১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তার হাতে এমন একটি গল্প এসেছে, যা দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। তবে সিনেমাটির সম্ভাব্য অভিনয়শিল্পী, নির্মাণের বিস্তারিত কিংবা মুক্তির সময় নিয়ে কিছু জানাননি এই প্রযোজক।

প্রথম সিনেমার প্রসঙ্গ টেনে একতা বলেন, ‘দ্য ডার্টি পিকচার’-এ সিল্ক স্মিতার জীবনকে বিশেষ দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছিল। নিজের যৌনতা ও পরিচয় নিয়ে স্বাধীন অবস্থান নেওয়ায় সমাজের সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। তবে একতার মতে, সিল্ককে অসহায় নারী হিসেবে দেখার সুযোগ নেই। বরং নিজের পরিচয় ও যৌনতার প্রকাশকে উদযাপন করা একজন মানুষ ছিলেন তিনি। একতার দৃষ্টিতে, ছবিটির সাফল্যের পেছনে এই দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
নতুন ছবিটিও কোনো ব্যক্তির জীবনকে কেন্দ্র করে নির্মিত হবে বলে জানিয়েছেন একতা। তবে এবার সেই ব্যক্তি কে, তা আপাতত গোপন রাখছেন তিনি। ফলে ‘দ্য ডার্টি পিকচার ২’-এর গল্পে কোন তারকার জীবনের ছায়া দেখা যাবে, সেখানে আবারও বিদ্যা বালান থাকবেন কি না- তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’। মিলন লুথরিয়া পরিচালিত ছবিটিতে সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। আরও ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত ছবিটিতে চলচ্চিত্রজগতে তার প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রাম ও নানা প্রতিকূলতার চিত্র উঠে এসেছিল।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ সিল্ক স্মিতা ১৮ বছরের অভিনয়জীবনে চার শতাধিক সিনেমায় কাজ করেছিলেন। ৩৫ বছর বয়সে চেন্নাইয়ের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। অন্যদিকে, ‘দ্য ডার্টি পিকচার’-এ অভিনয়ের জন্য বিদ্যা বালান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান। ছবিটি তার অভিনয়জীবনের অন্যতম আলোচিত কাজ হিসেবে বিবেচিত হয়।