প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা ও গণনা করা হলো কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারে থাকা দানবাক্সের টাকা।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সের তালা খুলে শুরু হয় গণনা। চলে বিকেল পর্যন্ত। গণনায় দান বাক্সে মিলে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ভক্তানুরাগীরা এসব অর্থ দান করেন ফকির লালন সাঁইয়ের মাজারের ভেতরে রক্ষিত দানবাক্সে।
প্রথমবারের মতো প্রকাশ্যে টাকা গণনার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। দানের অর্থের সঠিক ব্যবহার ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তাদের।
স্থানীয় আলমাস হাসান মামুন ঢাকা পোস্টকে জানান, এইবার প্রথম বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের রক্ষিত দানবাক্স প্রকাশ্যে খোলা ও টাকা গণনা করা হয়েছে। আমরা চাই এই টাকা সঠিকভাবে আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহার করা হোক।
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, এবারই প্রথম লালন অ্যাকাডেমি সিন্দুক প্রকাশ্যে খোলা এবং গণনা করা হয়েছে। এই গণনাকৃত টাকা লালন অ্যাকাডেমির ফান্ডে জমা হবে।
এ কার্যক্রমে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।