• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পাবনায় ৩ দিনের সংঘর্ষ : পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপির ভারতের রেকর্ড ভাঙা দিনের পর ম্যাচ বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড বিশ্বে মুসলিমদের সংখ্যা বাড়বে ৮০ শতাংশ, শীর্ষে থাকবে কোন দেশ মুশফিক নেই, এবার কি তবে চার পেসার খেলাবে বাংলাদেশ বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনর্ভর্তি ফি নিষিদ্ধ ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীরা পাচ্ছেন ৭৮৪টি ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে খাবার বিতরণ করা গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ৬ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার

ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীরা পাচ্ছেন ৭৮৪টি ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তর

জেলা প্রতিনিধি / ১ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত রাস্তাঘাট ও ফুটপাত পরিষ্কারে ব্যস্ত থাকেন পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁদের শ্রমেই প্রতিদিন সকালে পরিচ্ছন্ন শহর দেখেন নগরবাসী। অথচ এই কর্মীদের অনেকেই থাকেন অস্বাস্থ্যকর ও জরাজীর্ণ পরিবেশে। এবার তাঁদের আবাসনের জন্য তৈরি হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে ৭৮৪টি ফ্ল্যাটে থাকার সুযোগ পাবে পরিচ্ছন্নতাকর্মীদের পরিবার।

রাজধানীর গাবতলী সিটি পল্লিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্মাণ করেছে এই আবাসন। গত মঙ্গলবার সেখানে গিয়ে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে আছে চারটি আবাসিক ভবন। ডব্লিউ-২, ডব্লিউ-৩ ও ডব্লিউ-৪ নম্বর ভবনের প্রতিটি তলায় ১৬টি করে মোট ৬৭২টি ফ্ল্যাট রয়েছে। অন্যদিকে ডব্লিউ-৫ নম্বর ভবনের প্রতিটি তলায় আটটি করে মোট ১১২টি ফ্ল্যাট। সব মিলিয়ে ফ্ল্যাটের সংখ্যা ৭৮৪।

প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৫৬৫ বর্গফুট। এতে রয়েছে দুটি শোয়ার ঘর, শিশুদের জন্য আলাদা একটি ঘর, রান্নাঘর, শৌচাগার ও গোসলখানা। পাশাপাশি ড্রয়িং ও ডাইনিংয়ের জন্য রয়েছে আলাদা জায়গা। বড় শোয়ার ঘরের সঙ্গে আছে বারান্দা। ঘুরে দেখা যায়, মেঝেতে টাইলস, দেয়ালে রং, বৈদ্যুতিক বাতি ও পাখা লাগানোসহ প্রয়োজনীয় কাজ শেষ। রান্নাঘরে লাগানো হয়েছে কিচেন সিঙ্ক।

১৬টি ফ্ল্যাটের ভবনগুলোতে ছয়টি করে ও আটটি ফ্ল্যাটের ভবনে দুটি করে লিফট রয়েছে। প্রতিটি ভবনে বাসিন্দাদের চলাচলের জন্য দুটি সাধারণ ও জরুরি নির্গমনের জন্য আরও দুটি সিঁড়ি রাখা হয়েছে। তবে গ্যাসের সংযোগ ও ফ্ল্যাট বরাদ্দের কাজ শেষ না হওয়ায় এখনো হস্তান্তর করা হয়নি। সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তরের লক্ষ্য রয়েছে ডিএনসিসির।

 

 

কারা পাচ্ছেন ফ্ল্যাট

ঢাকা উত্তর সিটিতে পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা প্রায় ২ হাজার ৪০০ জন। এর মধ্যে গাবতলীতেই প্রায় ৮০০ কর্মীর (পরিবারসহ) বসবাস। এক সময় তাঁরা গুলশানে থাকতেন, ২০০৫ সালে তাঁদের গাবতলীতে স্থানান্তর করা হয়।

ফ্ল্যাট বরাদ্দের বিষয়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের চাকরির বয়স ও অন্যান্য যোগ্যতা বিবেচনায় নিয়ে কারা ফ্ল্যাট পাওয়ার উপযুক্ত তা যাচাই করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা এ তালিকা তৈরির কাজ করছেন। তিনি আরও বলেন, ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মানদণ্ড ঠিক করা হবে, যাতে কেউ বঞ্চিত বোধ না করেন। দীর্ঘদিন ধরে যাঁরা চাকরি করছেন ও যাঁরা অগ্রাধিকার পাওয়ার যোগ্য, তাঁদের বিষয়টি বিবেচনায় নিয়ে স্বচ্ছভাবে বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে।

প্রশাসক বলেন, গ্যাসের সংযোগসহ বাকি কাজ শেষ করতে আরও অন্তত তিন থেকে সাড়ে তিন মাস লাগতে পারে। এ সময়ের মধ্যে বরাদ্দের তালিকাও চূড়ান্ত করার আশা করছেন তাঁরা। প্রধানমন্ত্রীকে দিয়ে প্রকল্পটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

ফ্ল্যাট বরাদ্দ নিয়ে ঢাকা উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি রাজু গাজী প্রথম আলোকে বলেন, ‘বরাদ্দ নিয়ে আমাদের সঙ্গে কর্তৃপক্ষের এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে আমরা শুনেছি যাদের চাকরির বয়স বেশি, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু আমরা জানিয়েছি যে যাঁরা ক্ষতিগ্রস্ত কর্মী, অর্থাৎ গুলশান থেকে সরিয়ে যাঁদের গাবতলীতে স্থানান্তর করা হয়েছিল, ওই ভবনে যাতে তাদের ফ্ল্যাট দেওয়া হয়।’

 

 

গ্যাসের সংযোগের কাজ চলছে

ফ্ল্যাটগুলোর রান্নাঘরে গ্যাসের সংযোগের ব্যবস্থা রাখা হলেও কেন্দ্রীয় গ্যাস প্ল্যান্ট নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। এ জন্য আলাদা দরপত্রের মাধ্যমে কাজ করছে ডিএনসিসি। কেন্দ্রীয় প্ল্যান্ট থেকে প্রতিটি ফ্ল্যাটে পৃথক সংযোগের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। এতে বাসিন্দাদের আলাদা করে গ্যাসের সিলিন্ডার কিনতে ও সংরক্ষণ করতে হবে না।

ভবনগুলোর নিচতলা রাখা হয়েছে সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য। বাসিন্দারা সেখানে বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান করতে পারবেন। তবে শুরুতে নিচতলার খোলা জায়গায় নিরাপত্তার জন্য কোনো গ্রিল বা গেট ছিল না। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান দায়িত্ব নেওয়ার পর তাঁর নির্দেশে নতুন করে ইটের দেয়াল ও লোহার গ্রিল দিয়ে নিচতলার চারপাশ ঘিরে দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বসানো হবে কলাপসিবল গেট।

পরিচ্ছন্নতাকর্মীদের সন্তানদের পড়াশোনার জন্য প্রকল্প এলাকায় নির্মাণ করা হয়েছে চারতলা একটি বিদ্যালয় ভবন। স্কুল পরিচালনার জন্য একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে ডিএনসিসির সমঝোতা চুক্তিও হয়েছে। এ ছাড়া পুরো আবাসিক এলাকায় অগ্নিনিরাপত্তার জন্য ফায়ার ফাইটিং ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহের জন্য নিজস্ব সাবস্টেশন এবং ব্যাকআপ হিসেবে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে।

 

 

ব্যয় ২৮৪ কোটি টাকা

‘গাবতলী সিটি পল্লিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্লিনারদের জন্য বহুতলবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়নে ২৮৪ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে ২০১৭ সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল ব্যয় ছিল ১১৭ কোটি টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের জুনে। পরবর্তী সময়ে তিন দফায় প্রকল্পের সংশোধন ও ব্যয় বৃদ্ধি করা হয়েছে। প্রথম দফায় ২২১ কোটি টাকা, দ্বিতীয় দফায় ২৪৯ কোটি টাকা এবং তৃতীয় দফায় ২৮৪ কোটি টাকা। তৃতীয় দফায় কাজ শেষ করার মেয়াদ ছিল গত বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে ব্যয় না বাড়িয়ে প্রকল্পের মেয়াদ একবার বাড়িয়ে চলতি বছরের গত জুন পর্যন্ত করা হয়।

প্রকল্পটির ষষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) রফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, করোনা ও পরবর্তী সময়ে প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। একপর্যায়ে কাজ প্রায় বন্ধ হয়ে যায়। প্রকল্পটি সরকারি অর্থায়নে হলেও ওই সময় কাজ চালু রাখতে সিটি করপোরেশনের নিজস্ব অর্থ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করতে হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, এখন প্রকল্পের মূল কাজ শেষ। তবে প্রশাসকের পরামর্শে গ্যাসের সমস্যা সমাধানে কেন্দ্রীয় গ্যাস প্ল্যান্ট নির্মাণসহ কিছু বাড়তি কাজ করা হচ্ছে। এসব কাজ দ্রুত শেষ করে ফ্ল্যাটগুলো পরিচ্ছন্নতাকর্মীদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd