২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ফি আদায়ও নিষিদ্ধ করা হয়েছে।
১০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বৃদ্ধি করে ছয় বছর নির্ধারণ করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় থেকে নবম শ্রেণির ক্ষেত্রে এ মূল্য সর্বোচ্চ ২৫০ টাকা। তবে এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত সব শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন ফরম বাবদ সর্বোচ্চ ২০০ টাকা আদায় করতে পারবে।
সেশন চার্জসহ ভর্তি ফির সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। মফস্সল এলাকায় এ খাতে সর্বোচ্চ ৫০০ টাকা, উপজেলা পৌর এলাকায় ১ হাজার টাকা, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার টাকা এবং ঢাকা ছাড়া অন্যান্য মহানগরে ৩ হাজার টাকা নেওয়া যাবে।
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ভর্তিতে সর্বোচ্চ ৫ হাজার টাকা আদায় করতে পারবে। অন্যদিকে আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই ফির মধ্যে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফি অন্তর্ভুক্ত থাকবে। তবে উন্নয়ন ফির নামে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
নীতিমালায় আরও বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে এ ক্ষেত্রে পুনর্ভর্তি ফি আদায়ের সুযোগ নেই। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভর্তির সময় নির্ধারিত ফি যথাসম্ভব মওকুফের ব্যবস্থা করতে হবে।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বেতন ও টিউশন ফি বৃদ্ধির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৭ অক্টোবর জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে। ভর্তি ফরম ও ভর্তি ফি বাবদ সরকার নির্ধারিত সীমার বাইরে অর্থ আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান এ নির্দেশনা অমান্য করে অতিরিক্ত অর্থ নিলে তার এমপিও বাতিলের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
এদিকে আবেদন গ্রহণের শেষ সময় পার হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষকে শ্রেণিভিত্তিক বিক্রি হওয়া ও জমা পড়া আবেদন ফরমের সংখ্যা নির্ধারিত ছকে ভর্তি কমিটির কাছে পাঠাতে হবে।
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রেও নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশ্নপত্র হতে হবে মানসম্মত ও শ্রেণি উপযোগী। সংশ্লিষ্ট শ্রেণির আগের শ্রেণির জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই অনুসরণ করে প্রশ্ন তৈরি করতে হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কেন্দ্রগুলোয় পর্যাপ্ত আলো-বাতাস ও উপযুক্ত আসনবিন্যাস নিশ্চিত করতে হবে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিতে পারবে পরীক্ষা কমিটি বা প্রধান শিক্ষক।
*মাধ্যমিকে ভর্তির নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন।
*বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ দেখুন এখানে।