একইসঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে গ্রন্থাগার ও শিক্ষার পরিবেশকেও। তবে সরকারিকরণের ক্ষেত্রে দুর্গম, দরিদ্র ও শিক্ষায় পিছিয়ে থাকা এলাকার প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬’ নামে খসড়া নীতিমালাটি প্রণয়ন করেছে।
এতে বলা হয়েছে, জনস্বার্থে সরকার যেকোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে। তবে এ জন্য প্রথমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে প্রতিষ্ঠানের সম্ভাব্যতা যাচাই করতে হবে। এরপর সরকারপ্রধানের নীতিগত অনুমোদন নিতে হবে। চূড়ান্ত অনুমোদনের আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতিও প্রয়োজন হবে।
খসড়া নীতিমালায় সরকারিকরণের প্রথম শর্ত হিসেবে প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ২৫ বছরের কম বয়সী কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সাধারণ নিয়মে সরকারিকরণের যোগ্য বিবেচিত হবে না। পাশাপাশি প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানা ও দখলে খেলার মাঠসহ পর্যাপ্ত, শর্তমুক্ত, অখণ্ড ও নিষ্কণ্টক উপযুক্ত জমি থাকতে হবে। তবে জমির পরিমাণ কত একর হতে হবে, তা নীতিমালায় নির্দিষ্ট করে বলা হয়নি।
একইসঙ্গে সরকারি কোনো সংস্থার মাধ্যমে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার কাছ থেকে প্রতিষ্ঠানের অনুকূলে জমি বরাদ্দের লিখিত পত্র থাকতে হবে। বরাদ্দ করা জমি বিদ্যালয় ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এ ছাড়া প্রতিষ্ঠানে প্রয়োজনীয়সংখ্যক শ্রেণিকক্ষ, সুপেয় পানির ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত শৌচাগারসহ প্রয়োজনীয় ভৌত অবকাঠামো থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য ভবনে র্যাম্পের ব্যবস্থাও বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে নতুন নীতিমালায় আলাদা করে কোনো নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়ার প্রস্তাব নেই। এ ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত ২০২৩) অনুসরণ করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রযোজ্য ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধনধারী এবং নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক ও প্রদর্শক প্যাটার্নভুক্ত পদে নিয়োগপ্রাপ্ত থাকতে হবে।
সরকারিকরণে বিদ্যালয়ে ৩ হাজার, কলেজে ১০ হাজার বইয়ের শর্ত
খসড়া নীতিমালায় যেসব প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য বিবেচিত হবে, সেখানকার গ্রন্থাগারের ক্ষেত্রেও প্রতিষ্ঠানভেদে বইয়ের সংখ্যা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে কমপক্ষে ৩ হাজার বই থাকতে হবে। উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে থাকতে হবে অন্তত ৫ হাজার বই। আর উচ্চমাধ্যমিক কলেজ ও স্নাতক কলেজের গ্রন্থাগারে বইয়ের সংখ্যা হতে হবে কমপক্ষে ১০ হাজার। অর্থাৎ প্রতিষ্ঠানের স্তর অনুযায়ী গ্রন্থাগারে নির্ধারিত ন্যূনতমসংখ্যক বই থাকতে হবে।
শুধু শ্রেণিকক্ষ ও গ্রন্থাগার থাকলেই হবে না, শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের সুযোগও থাকতে হবে। নীতিমালায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরীক্ষাগার এবং প্রয়োজনীয়সংখ্যক কম্পিউটারসহ অন্তত একটি স্বতন্ত্র তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বা কম্পিউটার ল্যাব রাখার শর্ত প্রস্তাব করা হয়েছে।
সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানের কার্যকর অংশগ্রহণ থাকতে হবে। এ ক্ষেত্রে তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ট্রেড কোর্স, ভাষা ক্লাব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলা, সাঁতার, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ, স্কাউটিং, গার্লস গাইড, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কার্যক্রমের কথা বলা হয়েছে।
পিছিয়ে পড়া এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণে অগ্রাধিকার পাবে
শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ক্ষেত্রে সব প্রতিষ্ঠানকে সমানভাবে বিবেচনা করা হবে না। খসড়া নীতিমালায় কয়েক ধরনের প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। আর্থসামাজিকভাবে অনগ্রসর, দুর্বল, দুর্গম, দারিদ্র্যপীড়িত এবং শিক্ষার হার তুলনামূলক কম এমন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার পুরোনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকেও গুরুত্ব দেওয়া হবে। আগের পাঁচ বছরের মোট শিক্ষার্থীসংখ্যা এবং পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এলাকাভিত্তিক প্রতিষ্ঠানগুলোর অবস্থানও বিবেচনায় নেওয়া হবে।
বিশেষ বিবেচনায় শর্ত শিথিলের ক্ষমতা সরকারের হাতে রাখার প্রস্তাব
সব শর্ত পূরণ করলেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের নিশ্চয়তা পাবে না। সরকারিকরণের জন্য নির্ধারিত অনুমোদনপ্রক্রিয়া অনুসরণ করতে হবে। খসড়া অনুযায়ী, প্রথমে মাউশি প্রতিষ্ঠানের সম্ভাব্যতা যাচাই করবে। এরপর সরকারপ্রধানের নীতিগত অনুমোদন নিতে হবে। চূড়ান্ত অনুমোদনের আগে অর্থ বিভাগের সম্মতি নিতে হবে।
খসড়া নীতিমালায় সরকারকে বিশেষ ক্ষমতা দেওয়ারও প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকার বিশেষ বিবেচনায় যেকোনো শর্ত শিথিল করে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে। ফলে সাধারণ শর্তের বাইরে বিশেষ পরিস্থিতিতে কোনো প্রতিষ্ঠানকে সরকারিকরণের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। এ নীতিমালা সম্পর্কিত কোনো বিষয়ে ব্যাখ্যা বা স্পষ্টীকরণের প্রয়োজন হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
স্কুল-কলেজ সরকারিকরণে মানতে হবে ২০২৫ সালের এমপিও নীতিমালা
সরকারিকরণের পর প্রতিষ্ঠানের জনবল, স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ সব সম্পদ সরকার গ্রহণ ও পরিচালনা করবে। খসড়ার প্রস্তাব অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করা হলে এর সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে সরকারের অনুকূলে হস্তান্তরিত হয়েছে বলে গণ্য হবে।
খসড়া নীতিমালায় ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান’ বলতে এমপিওভুক্ত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে। আর ‘জনবল’ বলতে ২০২৫ সালের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা এবং সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী বৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের বোঝানো হয়েছে।
সরকারিকরণে অভিন্ন কাঠামো তৈরির উদ্যোগ, যাচাই-বাছাই করবে মাউশি : মহাপরিচালক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ঢাকা পোস্টকে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ও অভিন্ন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়াটি চূড়ান্ত হওয়ার আগে শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তারা এটি পর্যালোচনা করবেন। এ সময় প্রয়োজন অনুযায়ী নতুন শর্ত যুক্ত বা বিদ্যমান শর্তে পরিবর্তন আনার বিষয়টিও বিবেচনায় নেওয়া হতে পারে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ কারণে প্রস্তাবিত খসড়ায় প্রতিষ্ঠানের বয়স ও অবকাঠামোর পাশাপাশি শিক্ষার পরিবেশ, শিক্ষক নিয়োগের বৈধতা, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, সহশিক্ষা কার্যক্রম এবং এলাকার শিক্ষাগত প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে। নীতিমালাটি চূড়ান্ত হওয়ার পর সরকারিকরণের দায়িত্ব মাউশিকে দেওয়া হলে নির্ধারিত শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর যোগ্যতা ও সম্ভাব্যতা যাচাই করা হবে।