• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

স্কুলশিক্ষার্থীদের সাঁতার শেখাতে ব্যবহার হবে সেনা ও নৌবাহিনীর সুইমিং পুল

বিশেষ প্রতিনিধি / ৪ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ঢাকা মহানগরের স্কুলশিক্ষার্থীদের সাঁতার শেখাতে সেনাবাহিনী ও নৌবাহিনীর সুইমিং পুল ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে যৌথ কর্মসূচি নিতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের অন্তত ১ হাজার ইউনিয়নে উন্মুক্ত খেলার মাঠ তৈরি এবং ১৬ ডিসেম্বরের মধ্যে এসব মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত ৮ অক্টোবর অনুষ্ঠিত এক সভায় খেলাধুলার সুযোগ বাড়াতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, সিদ্ধান্তগুলো বাস্তবায়নে গত ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দেওয়া হয়। পরে সম্প্রতি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকেও এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়।

কার্যবিবরণীতে বলা হয়েছে, ঢাকা মহানগরের শিক্ষার্থীদের সাঁতার শেখানোর কর্মসূচিতে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্স ও শহীদ রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর সুইমিং পুল ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে ছেলে ও মেয়েদের জন্য আলাদা পুল অথবা পৃথক সময়ে সাঁতার শেখানোর ব্যবস্থা রাখতে হবে।

অন্যদিকে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের অন্তত ১ হাজার ইউনিয়নে উন্মুক্ত খেলার মাঠ তৈরির লক্ষ্য নিয়েছে সরকার। এ পর্যন্ত ২৬টি জেলা থেকে ৪০৩টি ইউনিয়নে মাঠ তৈরির উপযোগী খাসজমির তথ্য পাওয়া গেছে, যা মোট ইউনিয়নের ১০ শতাংশেরও কম। এ অবস্থায় প্রয়োজন অনুযায়ী ৩ থেকে ৮ বিঘা খাসজমি মাঠের জন্য বিবেচনায় নিতে বলা হয়েছে।

 

 

জমি নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়নের মাঝামাঝি অথবা গ্রোথ সেন্টারের কাছাকাছি সহজে যাতায়াত করা যায়, এমন স্থানকে অগ্রাধিকার দিতে হবে। মাঠগুলো শিশু-কিশোরসহ সবার ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে চিহ্নিত মাঠগুলোতে ফুটবলসহ নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা শুরু করতে হবে। ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে প্রতিটি উপজেলায় একটি নির্ধারিত প্রধান মাঠে ফাইনাল আয়োজন করা হবে। এসব প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের জন্য আলাদা দল ও টুর্নামেন্টের ব্যবস্থা থাকবে। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সাবেক জাতীয় চ্যাম্পিয়ানদের যুক্ত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের চিহ্নিত ও উদ্ধার করা মাঠগুলোতেও আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কিশোর-কিশোরীদের ফুটবল ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। এসব আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের দিয়ে পুরস্কার বিতরণের নির্দেশনা রয়েছে।

 

 

 

শহরাঞ্চলে খেলার সুযোগ বাড়াতে প্রতিটি সিটি করপোরেশনে একটি করে আধুনিক ফুটসাল মাঠ নির্মাণ করবে জাতীয় ক্রীড়া পরিষদ। এর বাইরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১১টি ফুটসাল মাঠ তৈরির উদ্যোগ নেবে। এসব মাঠ নির্মাণের প্রকল্প দ্রুত প্রক্রিয়াকরণে কাজ করবে স্থানীয় সরকার বিভাগ।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা নিশ্চিত করতে বছরের শুরুতে অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষাবর্ষের শুরুতেই ফুটবল, দাবা ও কাবাডির মতো নির্ধারিত খেলাগুলোর সময়সূচি ক্যালেন্ডারে যুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd