জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিলুপ্তির বিষয়ে স্পিকারের বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সংগঠনটি মনে করে, সংরক্ষিত নারী আসন বিলুপ্ত করা হলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব বাধাগ্রস্ত হবে। তাই সংরক্ষিত নারী আসন বিলুপ্ত না করে, বরং এক-তৃতীয়াংশ বাড়িয়ে সরাসরি ভোটের মাধ্যমে নারী প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সম-অধিকার এবং রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে নারীর সমান অংশগ্রহণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ এখনো অনেক কম। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের বাইরে রাখা, নির্বাচনে নারী প্রার্থী মনোনয়ন, নির্বাচনী অর্থায়ন, রাজনৈতিক সহিংসতা এবং সামাজিক প্রতিবন্ধকতা নারীর রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে বড় বাধা হয়ে রয়েছে।
সংগঠনটি মনে করে, এখনই সংরক্ষিত নারী আসন বিলুপ্তির সময় আসেনি। বরং নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও গণতান্ত্রিক, কার্যকর ও জনগণের কাছে জবাবদিহিমূলক করতে এসব আসনে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার পর থেকে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়িয়ে ৫০টি করা হয়েছে। তবে মনোনয়নের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হওয়ায় নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে সংরক্ষিত নারী আসন বিলুপ্ত না করে, এক-তৃতীয়াংশ বাড়িয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর যথাযথ ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
চার দাবি মহিলা পরিষদের
১. জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বহাল রেখে এসব আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা চালু করা।
২. সংরক্ষিত নারী আসনের সংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি করা।
৩. নির্বাচনী এলাকা পুনর্বণ্টন করা।
৪. এ ব্যবস্থা আগামী দুই থেকে তিনটি সংসদীয় মেয়াদের জন্য বহাল রাখা।