• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]

পর্যটক খরা কাটিয়ে প্রাণ ফিরছে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে

জেলা প্রতিনিধি / ৭৬ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কয়েক সপ্তাহের পর্যটক খরা কাটিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে। বিশেষ করে জেলা পরিষদ হর্টিকালচার পার্কে বেড়েছে পর্যটকের আনাগোনা। সবুজ পাহাড়, লেক, ঝুলন্ত সেতু, জিপলাইনসহ নানা বিনোদন আয়োজন ঘিরে পর্যটকদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস।

 

স্থানীয় পর্যটকদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসছেন অনেকে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে জেলা পরিষদ হর্টিকালচার পার্ক ঘুরে দেখা যায়, পার্কজুড়ে পর্যটকদের সরব উপস্থিতি। কেউ পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ উপভোগ করছেন বিভিন্ন বিনোদনমূলক রাইড। দীর্ঘদিনের পর্যটক মন্দা কাটিয়ে এমন উপস্থিতিতে পার্কজুড়ে ফিরে এসেছে উৎসবমুখর পরিবেশ।

কুমিল্লা থেকে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে খাগড়াছড়ি ঘুরতে এসেছেন হুমায়ুন আহমেদ। তিনি বলেন, আমরা বাইকার বন্ধুরা মিলে খাগড়াছড়ি বেড়াতে এসেছি। সকালে রওনা হয়ে দুপুর ১টার দিকে এখানে পৌঁছেছি। রিছাং ঝর্ণা ও আলুটিলা পার্ক ঘুরে জেলা পরিষদ পার্কে এসেছি। সাত-আট বছর পর খাগড়াছড়িতে এলাম। এর মধ্যে এখানকার পার্কগুলোতে অনেক পরিবর্তন হয়েছে। নতুন নতুন রাইড যুক্ত হয়েছে। সময় কাটানোর জন্য জায়গাটি খুবই চমৎকার।

 

নারায়ণগঞ্জ থেকে পরিবার নিয়ে বেড়াতে এসেছেন তানজিল চৌধুরী। পার্কের সৌন্দর্য ও বিনোদন আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, জেলা পরিষদ হর্টিকালচার পার্কে দারুণ সময় উপভোগ করেছি। চারপাশের সবুজ পাহাড় ও লেক ভীষণ সুন্দর। ঝুলন্ত সেতুটিও ভালো লেগেছে। জীবনে প্রথমবারের মতো জিপলাইনে চড়েছি, যা ছিল দারুণ অভিজ্ঞতা। আলুটিলা পর্যটনকেন্দ্রও সুন্দর। সেখানে সড়কসহ কিছু সংস্কারকাজ চলছে। কাজ শেষ হলে জায়গাটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

 

জেলা পরিষদ হর্টিকালচার পার্কের দায়িত্বে থাকা মনতোষ ত্রিপুরা বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় আজ পার্কে পর্যটকের ভিড় বেড়েছে। মূলত দুপুরের পর থেকে পর্যটকেরা আসতে শুরু করেন। সাজেকে অবরোধ শুরুর পর থেকে পার্কে পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল। আজ অনেকটা স্বাভাবিক সময়ের মতো পর্যটকের সমাগম হয়েছে। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও পর্যটকেরা এসেছেন।

 

পার্কের অন্যতম আকর্ষণ জিপলাইন রাইডেও বেড়েছে পর্যটকদের আগ্রহ। জিপলাইন পরিচালনার দায়িত্বে থাকা অভি কুমার দে বলেন, পর্যটকের সংখ্যা বাড়ছে। আজ অন্তত শতাধিক পর্যটক জিপলাইন রাইডে চড়েছেন। অথচ গত কয়েক দিন ধরে দিনে তিন-চারজনের বেশি পর্যটক পাওয়া যাচ্ছিল না।

 

 

 

অরণ্য বিলাশ আবাসিক হোটেলের ব্যবস্থাপক মো. সাগর বলেন, সাজেক পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। সাজেক বন্ধ থাকার প্রভাব সরাসরি পড়েছে খাগড়াছড়ির পর্যটননির্ভর ব্যবসায়। হোটেল, রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট প্রায় সব ব্যবসাতেই মন্দাভাব দেখা দিয়েছে। মূলত সাজেকে পর্যটক না এলে খাগড়াছড়িতে পর্যটকদের রাত্রিযাপনের প্রবণতা কমে যায়। অধিকাংশ পর্যটক দিনভর জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে রাতের গাড়িতে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। ফলে স্থানীয় ব্যবসায়ীরা প্রত্যাশিত ব্যবসা পান না। তবে অনেক দিন পর আজ শহরে পর্যটকদের এমন উপস্থিতি দেখে আমরা আশাবাদী। পর্যটকের এই আনাগোনা অব্যাহত থাকলে ব্যবসায়ও কিছুটা প্রাণ ফিরবে।

খাগড়াছড়ি টুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুস ছামাদ বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে খাগড়াছড়ির প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে টুরিস্ট পুলিশের সার্বক্ষণিক নজরদারি ও টহল রয়েছে। টুরিস্ট পুলিশের পাশাপাশি আনসার ও সাধারণ পুলিশ সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। পর্যটকেরা যেন নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে প্রতিটি পর্যটনকেন্দ্র ঘুরে দেখতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। ভ্রমণের সময় কোনো ধরনের সমস্যায় পড়লে কিংবা সহযোগিতার প্রয়োজন হলে টুরিস্ট পুলিশের সদস্যরা পাশে থাকবেন। আমাদের লক্ষ্য, পর্যটকেরা যেন নিরাপদে খাগড়াছড়ি ভ্রমণ শেষে সুন্দর স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে পারেন।

সংশ্লিষ্টদের মতে, পর্যটকদের এমন উপস্থিতি খাগড়াছড়ির পর্যটন খাতের জন্য ইতিবাচক বার্তা। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পর্যটনকেন্দ্রগুলোতে আবারও স্বাভাবিক পরিবেশ ফিরে আসার ইঙ্গিত মিলছে। পর্যটকদের আগমন অব্যাহত থাকলে স্থানীয় ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও পর্যটনকেন্দ্রের সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যেও বাড়বে কর্মচাঞ্চল্য।

প্রকৃতির অপার সৌন্দর্য আর নতুন নতুন বিনোদন আয়োজনের সমন্বয়ে খাগড়াছড়ি আবারও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে উঠে আসছে। পর্যটকদের এই বাড়তি উপস্থিতি পাহাড়ি জনপদের পর্যটন অর্থনীতিতে আশার সঞ্চার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd