বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি বলেন, সদস্যদের দীর্ঘদিনের দাবির মুখে ইতোমধ্যে বিতর্কিত রেস্ট প্রথা বাতিল করা হয়েছে। পাশাপাশি আবাসন, নিজ বিভাগে বদলি ও রেশন ব্যবস্থার আধুনিকায়নসহ সার্বিক সদস্য কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া ৬০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে মোট ৬৫৪ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ৬২৭ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে ফায়ারিংয়ে প্রথম স্থান অধিকার করেন কুমিল্লার কাজী মো. আবু সাঈদ, ড্রিলে সেরা হন নোয়াখালীর মো. ফিজুর রহমান এবং সেরা প্রশিক্ষণার্থী হিসেবে পুরস্কৃত হন খাগড়াছড়ির মো. সাবিকুর রহমান।
কুচকাওয়াজ শেষে তুরস্কের জেন্ডারমেরি দলের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় দাঙ্গা প্রতিরোধবিষয়ক নিরাপত্তা মহড়া প্রদর্শন করা হয়।
এর আগে, সকাল সাড়ে ১০ টায় আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি উপস্থিত হন। পরে লাল গালিচা সজ্জিত ছাদ খোলা জিপ গাড়িতে করে প্যারেড পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক) মো. সাইফুল্লাহ রাসেল, তুরস্কের প্রশিক্ষক ও বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।