ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালঙ্কার, স্বর্ণবার ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
জব্দ করা পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা।
সোমবার (১২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে এসব অভিযান চালানো হয় বলে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।
কাস্টমস গোয়েন্দা জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি চালান সিআইআইডির কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের বি-শিফটের কর্মকর্তারা। এসময় কুয়ালালামপুর থেকে একটি ফ্লাইটে আসা যাত্রী ফাতেমা তুজ জোহরা গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ পরীক্ষা করা হয়। তল্লাশিতে ২৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার ও একটি আইফোন ১৮ প্রো-ম্যাক্স পাওয়া যায়। আটক করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৬১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা।
অন্যদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ৪৩৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। তানবীর হাসান রিফাত নামের এক যাত্রী শুল্ক ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টমস হলরুমে তল্লাশি চালানো হয়। এ সময় তার জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকানো ১০০ গ্রাম স্বর্ণালংকার এবং দেহ তল্লাশি করে ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার পাওয়া যায়।
একই ফ্লাইটে আসা অপর যাত্রী মো. হাবিবুর রহমানের ব্যাগেজ ও দেহ তল্লাশি করে আরও ১১৭ গ্রাম ওজনের একটি স্বর্ণবার এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা ৪৩৪ গ্রাম স্বর্ণের শুল্ক-করসহ আনুমানিক মূল্য ৭৮ লাখ ১২ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এক যাত্রীর পাসপোর্টে ২০২৬ সালে আগে ব্যাগেজ সুবিধায় স্বর্ণ আনার তথ্য রয়েছে।
সিআইআইডি জানিয়েছে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত এক সপ্তাহে বিভিন্ন যাত্রীর কাছ থেকে ৭০২ গ্রাম স্বর্ণবার ও ২০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ৯০২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।