মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১০০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
পরিবারের বরাত দিয়ে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
তবে তাৎক্ষণিকভাবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
মালয়েশিয়ার চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ ছিলেন সিতি হাসমাহ। দেশটির শুরুর দিকের অন্যতম মালয় নারী চিকিৎসক হিসেবে দীর্ঘ কর্মজীবনে তিনি জনস্বাস্থ্য, সামাজিক কর্মকাণ্ড, গ্রামীণ স্বাস্থ্যসেবা এবং মা-শিশুর সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শেষ করে কর্মজীবনে তিনি বিশেষ করে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করেন। বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।
১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। পরে মাহাথিরের দুই মেয়াদের প্রধানমন্ত্রিত্বের সময়ে তিনি মালয়েশিয়ার ফার্স্ট লেডির দায়িত্ব পালন করেন। এ সময় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয়।
চিকিৎসা পেশা ও জনসেবায় অবদানের পাশাপাশি মাহাথিরের দীর্ঘ রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সময়েও সিতি হাসমাহকে তাঁর পাশে দেখা গেছে। তাঁর মৃত্যুতে মালয়েশিয়াসহ আন্তর্জাতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।