জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে সংগঠনটির প্রথম জাতীয় কাউন্সিলের ফলাফল ঘোষণা করা হয়।
কাউন্সিলে কেন্দ্রীয় কমিটিতে সংগঠনটির বিদায়ী সাধারণ সম্পাদক মো. আবু বাকের মজুমদার সভাপতি নির্বাচিত হয়েছেন। ঢাবি শাখার বিদায়ী সভাপতি তাহমিদ আল মুদাসসীর চৌধুরী কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং আবু তৌহিদ মো. সিয়াম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফেরদৌস আইয়াম। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সমাজসেবা সম্পাদক মো. জহির রায়হান রিপন।
কাউন্সিলের প্রধান কমিশনার মহির আলম ও কমিশনার আল আমিন সরকার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফলাফল ঘোষণা করা হয়। পরে একই অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির ফলাফল ঘোষণা করা হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া এনসিপির সংসদ সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় র্যালি এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় সংগঠনটির নাম ছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পরে একই বছরের অক্টোবরে নাম পরিবর্তন করে ‘জাতীয় ছাত্রশক্তি’ রাখা হয়। নাম পরিবর্তনের পর শনিবার সংগঠনটির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হলো।