২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিবাহিত শিক্ষার্থীদের আবেদন না করার নির্দেশ দিয়েছে রাজধানীর হলি ক্রস কলেজ। পাশাপাশি কলেজে পড়ার সময় কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সেশন চলাকালে কোনো শিক্ষার্থীর বিয়ে হলে তার ভর্তি বাতিল করে টিসি দেওয়া হবে। একই সঙ্গে নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজের নির্ধারিত পোশাক পরা, শরীরচর্চা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়ম বা শর্তে কোনো শিক্ষার্থীর আপত্তি থাকলে তাকে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ২০২৬-২৭শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করবে হলি ক্রস কলেজ। এসএসসি পরীক্ষার ফলাফল এবং লিখিত সিলেকশন এসএসসি পরীক্ষার ফলাফল এবং লিখিত সিলেকশন টেস্টের ফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ-৫ থাকতে হবে। পাশাপাশি উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ও থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থেকে ৫ নির্ধারণ করা হয়েছে।