• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বিশেষ প্রতিনিধি / ১ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) শেষে মিশনের প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামোগত সক্ষমতার প্রশংসা করেছে।

মিশনের প্রতিবেদনে কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, কেন্দ্রটির অভ্যন্তরীণ বা অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি দেখা যায়নি।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এ পর্যালোচনা কার্যক্রম পরিচালিত হয়। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জরুরি প্রস্তুতির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও জোরদার করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

 

 

মূল্যায়ন প্রতিবেদনে বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর দুটি গুরুত্বপূর্ণ শক্তিশালী দিক তুলে ধরেছে আইএইএর বিশেষজ্ঞ দল। এর মধ্যে প্রথমটি হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতাভিত্তিক সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা। পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্রে এ অভিজ্ঞতা কার্যকর ভিত্তি হিসেবে ভূমিকা রাখতে পারে।

দ্বিতীয় শক্তিশালী দিক হিসেবে উঠে এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। বিশেষ করে কেন্দ্রের চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তাসহ বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের ব্যবহারিক প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন বিশেষজ্ঞরা। জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও নিয়মিত প্রশিক্ষণে এসব অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

 

আইএইএর মূল্যায়নের বিষয়টি ব্যাখ্যা করে শনিবার (২১ নভেম্বর) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, বিষয়টি বুঝতে হলে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়; কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ। জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।

পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার জানান, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুসারে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি এবং সাড়াদান ব্যবস্থা জোরদারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার রয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবেরও প্রশংসা করেন তিনি।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর এ মিশনের মাধ্যমে দেশের বিদ্যমান প্রস্তুতি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে আইএইএর এ পর্যালোচনাকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি ব্যবস্থাপনার সক্ষমতার ইতিবাচক মূল্যায়ন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও সুসংহত করার ক্ষেত্রে এ প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd