সাভারের আশুলিয়ায় অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কার্ড পাঞ্চ (হাজিরা) করেও উৎপাদন কাজে অংশ নেননি। পরে ওই কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ ছাড়া ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকরা জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিতপুর, নরসিংহপুর ও কাঠগড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় শ্রমিকদের সকাল ৮টার পরিবর্তে ৭টায় কাজে উপস্থিত হতে বলা হয়। সময় পরিবর্তনের প্রতিবাদে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা দিয়েই বেরিয়ে আসেন। এর জের ধরে এবং চলমান ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনের অংশ হিসেবে আশপাশের আরও বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।