• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

শিক্ষকের বিরুদ্ধে ৬৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে সত্যতা

বিশেষ প্রতিনিধি / ৭২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের ৬৪ লাখ ৬৭ হাজার ৭৮৬ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে সলঙ্গা আমলি আদালতে মামলা করেছিলেন। 

 

 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে সিরাজগঞ্জের পুলিশ পরিদর্শক মো. আলহাজ উদ্দীন আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮/৪২০ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে মো. শহিদুল ইসলাম স্বেচ্ছাচারিতা, অনৈতিক কর্মকাণ্ড এবং বিদ্যালয়ের তহবিল তসরুপ করে অর্থ আত্মসাৎ করতে থাকেন। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা বিভিন্ন সময় তাকে সতর্ক করলেও তিনি আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করেননি বলে অভিযোগ করা হয়েছে।

পরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আর্থিক অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলন ও দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ম্যানেজিং কমিটির সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা ভেটেরিনারি সার্জনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি তদন্ত শেষে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তথ্য ও নথিপত্র পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন জমা দেন।

 

 

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এক অফিস আদেশে প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেন। একইসঙ্গে সহকারী প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র তালুকদারকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

পরবর্তী সময়ে অভিযোগগুলো অধিকতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আ. রউফকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটিতে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজেল করিম এবং বিদ্যালয়ের ছাত্র অভিভাবক মো. আব্দুল আলীমকে সদস্য করা হয়। কমিটি তদন্ত শেষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা রয়েছে বলে প্রতিবেদন জমা দেয়।

অভিযোগের বিষয়ে অধিকতর নিশ্চিত হতে পরে আরও একটি তদন্ত ও খাতওয়ারি নিরীক্ষা কমিটি গঠন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজাকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে ভুঁইয়াগাতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এবং বিদ্যালয়ের ছাত্র অভিভাবক রেজাউল করিম নয়নকে সদস্য করা হয়। কমিটির নিরীক্ষায় বিদ্যালয়ের ৬৪ লাখ ৬৭ হাজার ৭৮৬ টাকা আত্মসাতের তথ্য উঠে আসে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

 

 

এ ঘটনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে সহকারী শিক্ষক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে সলঙ্গা আমলি আদালতে মামলা করেন। মামলায় সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে আসামি করা হয়েছে। অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮ ধারায় অপরাধের কথা উল্লেখ করে আদালতের কাছে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।

আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পিবিআই সিরাজগঞ্জ। সংস্থাটির পুলিশ পরিদর্শক মো. আলহাজ উদ্দীন তদন্তকালে ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা এবং সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন। বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব-সংক্রান্ত কলামনার বহি, রেজুলেশন বহি, বিভিন্ন রশিদ ও ভাউচার এবং বিদ্যালয়ের নামে থাকা ব্যাংক হিসাবের স্টেটমেন্ট পর্যালোচনা করা হয়।

সেই তদন্ত প্রতিবেদনের একটি কপি এসেছে ঢাকা পোস্টের কাছে। প্রতিবেদনে বলা হয়েছে, মামলার বাদীর মনোনীত ১০ জন সাক্ষীর মধ্যে সাতজন এবং নিরপেক্ষ আরও তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় মূল খাতা ও রেজিস্টার জব্দ করা সম্ভব হয়নি। তবে সেগুলোর ফটোকপি সংগ্রহ করে প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। সাক্ষীদের বক্তব্য, নথিপত্র, ব্যাংক হিসাবের বিবরণী ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আসামি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৮/৪২০ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটি একটি চক্রান্ত। মামলার গতিতে মামলা চলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd