• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি

বিশেষ প্রতিনিধি / ৪৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ। 

 

 

একই সঙ্গে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও পেশাগত অধিকার বহাল রাখা, বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি এবং শূন্য পদগুলোতে যোগ্য আলেম-ওলামাদের নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। মানববন্ধন শেষে সংগঠনটির সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে স্মারকলিপি দেয়। একই দাবিতে আইনমন্ত্রীর কাছেও পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০০৯ অনুযায়ী প্রতিটি এলাকায় একজন করে নিকাহ রেজিস্ট্রার বহাল রাখা উচিত। বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ পেশাটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা ও পেশাগত অধিকারকে সংকটে ফেলবে।

তারা বলেন, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। প্রতিটি বিবাহ নিবন্ধনের বিপরীতে প্রাপ্ত ফি থেকে সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিতে হয়। সীমিত এই আয় দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবারের ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতি ইউনিয়নে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে তাদের আয় আরও কমে যাবে।

স্মারকলিপিতে বলা হয়, আইন মন্ত্রণালয়ে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রে একাধিক রেজিস্ট্রার নিয়োগের বিষয়ে বিধিমালা সংশোধনের কার্যক্রম চলছে। এ উদ্যোগ থেকে সরে এসে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও অধিকার সম্পূর্ণভাবে বহাল রাখার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া দেশে প্রায় ১ হাজার ৪০০ নিকাহ রেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে উল্লেখ করে স্মারকলিপিতে এসব পদে যোগ্যতার ভিত্তিতে আলেম-ওলামাদের নিয়োগের দাবি জানানো হয়। একই সঙ্গে বিধিমালা-২০০৯-এর ১৩ নম্বর বিধি অনুযায়ী বিদ্যমান এলাকা বহাল রাখার আহ্বান জানানো হয়েছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পাদন বন্ধ এবং বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিবাহ ও তালাক নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করার দাবি জানান তারা। শুধু সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব বাতিলেরও আহ্বান জানান বক্তারা।

তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা প্রণয়ন ও সংশোধনসংক্রান্ত কমিটিতে সারা দেশের নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে অন্তত দুজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা।

মানববন্ধনে নেতারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৬ বছর নিকাহ রেজিস্ট্রাররা জেল-জুলুম, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এখন তাদের রুটি-রুজির ওপর হাত দেওয়া হলে যেকোনো মূল্যে তা প্রতিহত করা হবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি প্রতি ইউনিয়নে তিনজন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ থেকে সরে না আসে, তাহলে আগামী দিনে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সারা দেশের নিকাহ রেজিস্ট্রাররা পরিবার-পরিজন নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

বক্তারা আরও অভিযোগ করেন, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে একটি মহল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এ ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ মো. নেছারুল হকের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেয়।

প্রতিনিধিদলে ছিলেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব মাওলানা মো. সেলিম রেজা, নির্বাহী সভাপতি কাজী ইকবাল হোসেন, মশিউর রহমান, এ কে এম বদরুল হক, জোবায়ের ইবনে সালেহ ও আজিজুর রহমান সুমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd