• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো

আফসানা হোসাইন ( নীর্বাহী সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৫৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রাজধানীতে আগামী ২৬ নভেম্বর শুরু হচ্ছে দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো (আইএফএসএসই) ২০২৬। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এতে ২০টির বেশি দেশের ১২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। আয়োজকদের প্রত্যাশা, এবারের প্রদর্শনীতে ২০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হবে।

 

 

শনিবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএসএবি)।

আয়োজকেরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে ফায়ার, সেফটি ও সিকিউরিটি খাতের ১৩টির বেশি পণ্য ও সেবা বিভাগে আধুনিক প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হবে।

প্রদর্শনীর পাশাপাশি দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে পাঁচটি বিশেষায়িত সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ২৫ জনের বেশি বক্তা আধুনিক নিরাপত্তা প্রযুক্তি, ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মান ও উত্তম চর্চা, শিল্প ও অবকাঠামোর নিরাপত্তা এবং ভবিষ্যতের নিরাপত্তাব্যবস্থাপনা নিয়ে আলোচনা করবেন।

 

এবারের এক্সপোর অন্যতম আকর্ষণ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইএসএসএবির যৌথ উদ্যোগে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে অগ্নিকাণ্ডের সময় করণীয়, প্রাথমিক অগ্নিনির্বাপণ পদ্ধতি এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে বের হওয়ার কৌশল হাতে-কলমে তুলে ধরা হবে। সাধারণ মানুষ, শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ প্রদর্শনীর মাধ্যমে অগ্নিনিরাপত্তা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এছাড়া ফায়ার সার্ভিসের জাতীয় জরুরি হটলাইন ১০২ সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে এ নম্বর ব্যবহারের বিষয়টি তুলে ধরা হবে। সরকারের স্বেচ্ছাসেবক কার্যক্রমকে উৎসাহিত করতে এক্সপো প্রাঙ্গণে বিশেষ ভলান্টিয়ার রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হবে। আগ্রহীরা সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের পাশাপাশি এ কার্যক্রম সম্পর্কে তথ্য জানতে পারবেন।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান। তিনি দেশের অগ্নিনিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইএসএসএবির মহাসচিব নাঈম উদ্দিন মাহমুদ। সূচনা বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শহিদুল ইসলাম খান। সমাপনী বক্তব্য দেন ইএসএসএবির পরিচালক মো. হাবিবুর রহমান হেলাল।

ইএসএসএবির প্রেসিডেন্ট স্কোয়াড্রন লিডার এম দিদারুল ইসলাম (অব.) বলেন, আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর নয়টি সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার দশম আসর অনুষ্ঠিত হচ্ছে। আগের আয়োজনগুলোতে প্রতিবছর গড়ে ১১ থেকে ১২ হাজার দর্শনার্থী অংশ নিয়েছেন। পাশাপাশি তিন হাজারের বেশি মানুষ বিভিন্ন সেমিনার ও জ্ঞান বিনিময় কার্যক্রমে যুক্ত হয়েছেন। বিভিন্ন সময়ে প্রায় ২৫ থেকে ৩০টি দেশের প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও বিশেষজ্ঞরা এ আয়োজনে অংশ নিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নের সঙ্গে নিরাপত্তার বিষয়টি সরাসরি সম্পর্কিত। তৈরি পোশাকশিল্পের পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি, চামড়া ও পাদুকা, প্লাস্টিক এবং খেলনাশিল্পসহ বিভিন্ন খাতে শিল্প ও বিনিয়োগের পরিধি বাড়ছে। এসব খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আধুনিক অগ্নিনিরাপত্তা, শিল্পনিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর সুরক্ষাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে শিল্পপ্রতিষ্ঠান, শ্রমিক, বিনিয়োগ ও সম্পদের সুরক্ষা বাড়বে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।

আয়োজকেরা জানান, এবারের এক্সপোতে অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা প্রযুক্তি, ইলেকট্রনিক নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ও নজরদারি প্রযুক্তি, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, শিল্পনিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন আধুনিক পণ্য ও সেবা প্রদর্শিত হবে। এতে দেশীয় শিল্পপ্রতিষ্ঠান, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট পেশাজীবীরা আন্তর্জাতিক প্রযুক্তি প্রস্তুতকারক, সরবরাহকারী ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।

পাঁচটি বিশেষায়িত সেমিনারে প্রকৌশলী, স্থপতি, নিরাপত্তা পেশাজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী ও শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নিতে পারবেন। এসব আলোচনায় প্রযুক্তিগত উদ্ভাবন, নিরাপত্তার আন্তর্জাতিক মান, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শিল্প ও অবকাঠামোর সুরক্ষায় কার্যকর সমাধান তুলে ধরা হবে।

এবারের এক্সপোর কনভেনিং স্পনসর হিসেবে রয়েছে আন্তর্জাতিক অগ্নিনিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান এনএএফএফসিও। এ ছাড়া প্লাটিনাম, গোল্ড, সিলভার প্লাস, সিলভার ও ব্রোঞ্জ ক্যাটাগরির বিভিন্ন প্রতিষ্ঠান স্পনসর হিসেবে যুক্ত রয়েছে। তাদের অংশগ্রহণ আন্তর্জাতিক প্রযুক্তি বিনিময়, শিল্প সহযোগিতা এবং নিরাপত্তা খাতের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd