• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

নিবন্ধনের বদলে সরাসরি নিয়োগ; শিক্ষক নিয়োগে নতুন পদ্ধতির প্রস্তাব

আফসানা হোসাইন ( নীর্বাহী সম্পাদক), দৈনিক নবচিন্তা-২৬ / ৫২ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বরে আয়োজনের পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন নিয়মে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে প্রার্থীদের মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে পরিবর্তন আসতে পারে পরীক্ষার সিলেবাস ও নম্বর বণ্টনেও। তবে পরীক্ষার তারিখ ও নতুন পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি।

 

 

সম্প্রতি এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এ পরীক্ষা ঘিরে নিয়োগপ্রক্রিয়া ও পরীক্ষার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন পদ্ধতিতে ১০০ নম্বরের প্রিলিমিনারি, ১০০ নম্বরের লিখিত এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সে হিসাবে তিন ধাপে মোট ২২০ নম্বরের মূল্যায়ন করা হতে পারে। তবে এ পদ্ধতি কার্যকর করতে প্রথমে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করতে হবে। বিধিমালা সংশোধন ও অনুমোদনের পর পরীক্ষার কাঠামো, সিলেবাস এবং নম্বর বণ্টন চূড়ান্ত করা হবে।

প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে এক ঘণ্টার ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—চারটি বিষয় থেকে ২৫ নম্বর করে প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। অন্যদিকে ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রার্থীদের কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।

প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে তিন ঘণ্টার ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য সর্বশেষ ধাপে ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়ার প্রস্তাব রয়েছে। এভাবে তিন ধাপের পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা ও মেধা যাচাই করে শিক্ষক নিয়োগের পরিকল্পনা করছে এনটিআরসিএ।

 

 

নতুন এ উদ্যোগের ফলে শিক্ষক নিবন্ধন ও নিয়োগের প্রচলিত প্রক্রিয়াতেও পরিবর্তন আসতে পারে। বর্তমানে এনটিআরসিএর অধীনে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হয়। পরে পৃথক নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়। তবে নতুন ব্যবস্থায় নিবন্ধন পরীক্ষার পরিবর্তে সরাসরি শিক্ষক নিয়োগের লক্ষ্যে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কারণে প্রচলিত ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন না করে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়ার উদ্যোগ চলছে।

এনটিআরসিএ সূত্র জানায়, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সে অনুযায়ী ডিসেম্বরকে সামনে রেখে পরীক্ষার আয়োজনের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

তবে ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। অনুমোদন পাওয়ার পর পরীক্ষার তারিখ, আবেদনপ্রক্রিয়া, সিলেবাস ও অন্যান্য বিষয় চূড়ান্ত করে জানানো হবে।

 

এর আগে ২০২৩ সালের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। ২০২৪ সালের মার্চে ওই পরীক্ষার প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সময় নতুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd