• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

আর্জেন্টিনা ম্যাচে আলোচিত সেই কোচকে বরখাস্ত করল মিসর

ক্রীড়া প্রতিবেদক / ৪৯ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে অন্যতম আলোচিত ব্যক্তি ছিলেন মিসরের কোচ হোসাম হাসান। তার পাশাপাশি দেশটির তারকা ফুটবলার মোস্তফা জিকো ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। যে কারণে সম্প্রতি কোচকে তিন ম্যাচ এবং জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। এবার বিশ্বকাপের আলোচিত কোচ হোসামকে বরখাস্ত করেছে মিসর।

 

 

মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে হোসাম হাসানকে বরখাস্ত করার কারণ হিসেবে উল্লেখ করেছে, ‘তিনি দলের ইতিবাচক ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছেন।’ একইসঙ্গে দলের স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বলে তারা উল্লেখ করেছে। তবে হোসামকে বরখাস্তের বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি মিসর।

 

 

সম্প্রতি শোনা যাচ্ছিল, মিসরের কিংবদন্তি খেলোয়াড় মোহামেদ সালাহ’র সঙ্গে মতবিরোধ হয়েছে কোচের। যে কারণে লিভারপুলের সাবেক এই তারকা ক্যাম্প ছেড়ে যান বলেও গুঞ্জন রয়েছে। তবে ওই কারণের চেয়ে ব্যক্তিগত জীবনে নানা গুঞ্জন ও বিতর্ক হাসানকে ছাটাইয়ের ক্ষেত্রে বিবেচিত হতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। মিসরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন গত সপ্তাহে হাসানকে সব ধরনের গণমাধ্যমে উপস্থিত হওয়া থেকে নিষিদ্ধ করেছে। জাতীয় দলের কোনো কোচের বিরুদ্ধে নেওয়া এমন সিদ্ধান্ত নজিরবিহীন।

 

 

হাসানের ব্যক্তিগত জীবনের বিতর্কগুলো প্রকাশ্যে আসার পরপরই এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে অদ্ভুত পারিবারিক বিবাদে জড়িয়ে পড়েছিলেন হোসাম। মিসরীয় গণমাধ্যমের প্রতিবেদনের তথ্যমতে, হোসাম ও তার বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম উত্তর উপকূলের একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে তার সাবেক স্ত্রী হুবাইদা ও সন্তানরা এসে পরিস্থিতি উত্তপ্ত করে ফেলেন। দুই পক্ষের মধ্যে ভয়াবহ হাতাহাতি ও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই দ্বন্দ্বের মূল হোতা হোসাম এই চাপ সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এর আগে ২০২৪ সালে মিসর জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান হোসাম হাসান। তিনি দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে দলটির কোচ হয়েছিলেন। তার অধীনে দারুণ পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছিল মিসর, তবে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে শেষ হয় সেই দৌড়।
এদিকে, তাৎক্ষণিকভাবে হাসানকে সরিয়ে তার জায়গায় আলী মাহেরকে নিয়োগ দিয়েছে মিসর। তিনি মিসরীয় প্রিমিয়ার লিগের দীর্ঘদিনের প্রধান কোচ এবং বর্তমানে চতুর্থ স্থানে থাকা ক্লাব ‘সেরামিকা ক্লিওপেট্রা’-র দায়িত্বে রয়েছেন। তাকে দ্রুত দলের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। কারণ ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মিশর আগামী ১৩ ও ১৭ নভেম্বর মালাউইয়ের মুখোমুখি হবে। বর্তমানে দলটি রয়েছে ‘গ্রুপ বি’-তে শীর্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd