বাংলাদেশের নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেটকে ভারতের অংশ হিসেবে পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি নিশিকান্ত দুবে। তার দাবি, দেশভাগের সময় তৎকালীন ত্রিপুরা রাজ্যের শাসকের সম্মতি ছাড়াই এসব অঞ্চল পূর্ব পাকিস্তানের হাতে ছেড়ে দেয়া হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দেয়া এক বক্তব্যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে এ সিদ্ধান্তের জন্য দায়ী করেন নিশিকান্ত দুবে।
নিশিকান্ত দুবের অভিযোগ, ১৯৪৬ সালে গঠিত অন্তর্বর্তী সরকারে মুসলিম লীগের সমর্থন পাওয়ার উদ্দেশ্যে নেহরু এসব অঞ্চল ভারতের বাইরে রাখার সিদ্ধান্তে সম্মত হয়েছিলেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া বক্তব্যে দুবে বলেন, পাকিস্তানের কাছ থেকে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর পাশাপাশি নেহরুর হাতে পুনরুদ্ধারের ছেড়ে দেয়া অঞ্চলগুলোও পুনরুদ্ধারের সময় এসেছে। এসব অঞ্চলের মধ্যে তিনি নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেটের নাম উল্লেখ করেন।
দুবের এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ত্রিপুরার সাবেক রাজপরিবারের বংশধর এবং তিপরা মোথা দলের প্রধান প্রদ্যোত মানিক্য। দ্য হিন্দুকে দেয়া বক্তব্যে তিনি বলেন, দেশভাগের সময় তার দাদিকে অন্ধকারে রেখে তৎকালীন ত্রিপুরা রাজ্যের বড় একটি অংশ পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল। তার ভাষায়, এটি ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়।
চট্টগ্রামের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টির সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সমুদ্রপথে সরাসরি প্রবেশাধিকারের অভাবের সম্পর্কও তুলে ধরেন প্রদ্যোত মানিক্য। তার মতে, চট্টগ্রাম ভারতের অংশে থাকলে উত্তর-পূর্বাঞ্চলের সমুদ্রপথে যোগাযোগের সুযোগ তৈরি হতো এবং অঞ্চলটির ভৌগোলিক সীমাবদ্ধতা অনেকটাই কমত।
তিনি বলেন, বর্তমানে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সংযোগকারী সরু স্থলপথ ‘চিকেনস নেক’ নিয়ে যে উদ্বেগ রয়েছে, সমুদ্রপথে প্রবেশাধিকার থাকলে তা নিয়ে আর চিন্তা করতে হতো না।
এদিকে, নিশিকান্ত দুবে আরও দাবি করেন, ত্রিপুরার তৎকালীন রাজা বীর বিক্রম কিশোর মানিক্য নোয়াখালী, সিলেট ও চট্টগ্রামের ভবিষ্যৎ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। এ বিষয়ে তিনি বারবার জওহরলাল নেহরুর কাছে আপত্তি জানিয়েছিলেন বলেও দাবি করেন বিজেপির এই আইনপ্রণেতা।
দুবে তৎকালীন রাজার বক্তব্য উদ্ধৃত করে বলেন, নোয়াখালী কীভাবে পাকিস্তানের হাতে তুলে দেয়া যায়? সিলেট ও চট্টগ্রামের বিষয়ে কীভাবে গণভোট আয়োজন করা যায়? এগুলো তো তার রাজ্য। অঞ্চলগুলো ভারত, পাকিস্তানের অংশ হবে, নাকি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে, সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার তারই ছিল।