• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড

মাহফুজ হোসাইন / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার চারটি কারখানার কয়েক হাজার শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নেন।

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হতে থাকেন। পরে পাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে চারটি কারখানার শ্রমিকেরা একত্র হয়ে মিছিল নিয়ে মূল সড়কের দিকে এগিয়ে যান।

 

এ সময় পুলিশ শিবু মার্কেট এলাকায় সড়কে প্রবেশের মুখে বাধা দিলেও শ্রমিকরা ব্যারিকেড অতিক্রম করে লিংক রোডে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।

এর আগে সোমবার একই দাবিতে ওই এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুপুরের পর নতুন করে আন্দোলনে নামেন শ্রমিকরা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের বিষয়টি আমরা অবগত আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd