• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
  • [gtranslate]

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি / ০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে রোববার বেলা ১১টা ৬মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।

পরে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

 

ভিডিওচিত্রে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন।

ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।

 

 

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট নয়জন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

 

 

পরে পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।

এ সময় এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি উপহার দেয়া হয়।

এবারের মেলায় সারাদেশের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান এবং ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তা দ্বারা পরিচালিত।

মেলায় পাদুকা, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হারবাল পণ্য, জুয়েলারি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে।

দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা এ মেলায় তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। এতে বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।

সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরি এবং কর্মসংস্থান সম্প্রসারণে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

এছাড়া এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd