• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
  • [gtranslate]

২১ নভেম্বর থেকে দেশজুড়ে সমাবেশ–মিছিল করবে জামায়াত, চলবে ডিসেম্বরজুড়ে

বিশেষ প্রতিনিধি / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে তারা। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষেও তাদের কর্মসূচি থাকছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

জামায়াত ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২১ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল; ২৫ নভেম্বর একই দাবিতে ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরীতে সমাবেশ ও মিছিল এবং একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দলের মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।

কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা; ৩০ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল।

ডিসেম্বর মাসের কর্মসূচির মধ্যে রয়েছে ২ ডিসেম্বর পোশাকশিল্পে অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা; ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা; ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা; ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা; ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন; ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র‍্যালি’ করবে জামায়াতে ইসলামী। তাদের কর্মসূচির মধ্যে আরও রয়েছে ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া; একই বিষয়ে ২০ ডিসেম্বর চিকিৎসক, ২১ ডিসেম্বর প্রকৌশলী এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা হবে।
এ ছাড়া ২৬ থেকে ৩১ ডিসেম্বর সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd