‘মেড ইন থাইল্যান্ড’ লেখা ডাবল এ’ (Double A) ব্র্যান্ডের নকল ৪৪৪ রিম কাগজ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
মঙ্গলবার (১৬ নভেম্বর) পুরান ঢাকার নয়াবাজারে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব কাগজ আটক করা হয়। রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)-এর সহায়তায় অভিযান দুটি পরিচালনা করে বলে জানিয়েছে এনবিআর।
অভিযানে প্রথম প্রতিষ্ঠান থেকে ১৮৪ রিম এবং দ্বিতীয় প্রতিষ্ঠান থেকে ২৬০ রিম কাগজ আটক করা হয়।
সিআইআইডি সূত্র জানায়, আটক কাগজের প্যাকেটে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নামের পাশাপাশি ‘মেড ইন থাইল্যান্ড’ লেখা ছিল। এসব কাগজ প্রকৃতপক্ষে বাংলাদেশে তৈরি। অর্থাৎ স্থানীয়ভাবে উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের পরিচয় ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল।