‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় (মুলতবি) বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বৈঠকে সভাপতিত্ব করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই বৈঠকে কমিটির সদস্যরা প্রস্তাবিত ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’-এর বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দেশের জ্বালানি খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে এবং সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের আইনি কাঠামো আরও শক্তিশালী করতে বিলটির বিশ্লেষণ করা হয়। আলোচনা শেষে বিলটিতে প্রয়োজনীয় সংশোধনী এনে দ্রুত সংসদে প্রতিবেদন আকারে জমা দেওয়ার ব্যাপারে একমত হন কমিটির সদস্যরা।
বৈঠকে কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস,এম, জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশগ্রহণ করেন।
এ ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।