ঋতু পরিবর্তন ও শীতের আগমনের সঙ্গে সঙ্গে লালমনিরহাটে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের পাশাপাশি স্ক্যাবিসে আক্রান্ত শিশুর সংখ্যাও বাড়ছে। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের সীমিত শয্যায় জায়গা হচ্ছে না অনেকের। কেউ মেঝেতে বিছানা করে সন্তানের চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র নিয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে।
রোববার (১৫ নভেম্বর) লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে শিশু বিভাগ সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
হাসপাতালের নথি অনুযায়ী, শিশু বিভাগে ৩০টি শয্যা থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ১০টি। এর বিপরীতে ভর্তি রয়েছে ৬১ শিশু। শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা নিতে আসা শিশুদের অভিভাবকদের মধ্যে দেখা গেছে ক্ষোভ ও হতাশা।
একই শয্যায় একাধিক শিশুকে রাখা এবং মেঝেতে চিকিৎসা নেওয়ার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা পরিবেশ। বিশেষ করে শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের বাড়তি যত্ন ও নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন হলেও অতিরিক্ত রোগীর চাপে তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
রোগীর অভিভাবক আব্দুল খালেক বলেন, আমার সন্তানের মুখে ঘা ছিল, বমি করত, ডায়রিয়াও ছিল। এই অবস্থায় হাসপাতালে ভর্তি করানোর পর ২ দিন ধরে স্যালাইন দিচ্ছি। হাসপাতালে রোগীদের বেড সংকট ছাড়া অন্য কোনো সমস্যা দেখছি না। তবে দ্রুত বেডের সংখ্যা বাড়ানো হোক।
আরেক শিশুর অভিভাবক রওশনা আক্তার বলেন, আমার বাবুটি ১০ দিন ধরে অসুস্থ। কিছু খেতে পারে না, যা একটু খাওয়াই, তা-ই বমি করে। বাবুর খুব জ্বর। বাড়িতে চিকিৎসা করেও ভালো হয়নি। ২ দিন ধরে হাসপাতালে ভর্তি আছি।
আরেক অভিভাবক সৈয়দ আলী বলেন, বাচ্চার হাতে-পায়ে ঘা হয়েছে, জ্বর ও সর্দি আছে। অনেক ওষুধ খাওয়ালেও ভালো হচ্ছে না। আজ হাসপাতালে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে। কিন্তু হাসপাতালে রোগীর অনেক চাপ। আবার শুনছি বেড নেই। তাই ওষুধ লিখে নিয়ে চলে যাব।
শিশু ও নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. তপন কুমার বলেন, শীতের শুরুতে লালমনিরহাট সদর হাসপাতালে শিশু রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। এখানে সর্দি-কাশি, শ্বাসকষ্টের রোগীর পাশাপাশি শ্বাসতন্ত্রের অন্যান্য সংক্রমণের রোগীও দেখা যাচ্ছে। আমাদের হাসপাতালে বেডের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। তারপরও আমরা সামর্থ্য অনুযায়ী সঠিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। শ্বাসকষ্টের রোগীর পাশাপাশি রোটাভাইরাসে আক্রান্ত ডায়রিয়া রোগীর সংখ্যাও অনেক বেড়েছে। আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন ও অন্যান্য সামগ্রী রয়েছে। আমরা সঠিকভাবে চিকিৎসা দিচ্ছি।
লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আরশাদ হোসেন বলেন, আমাদের লালমনিরহাট জেলায় শীতের আগমনে শিশুদের রোগের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে। সর্দি কাশি শ্বাসকষ্ট এবং লোটাস ভাইরাসে ডায়রিয়ায় আক্রান্তসহ অন্যান্য রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে।
তিনি আরও বলেন, শিশু বিভাগের ৩০টি শয্যার বিপরীতে এআরআইতে ৫ জন, ডায়রিয়া রোগী ১৬ জনসহ মোট ৬১ জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। শিশু বিভাগে আমাদের একজন মেডিকেল অফিসার ও একজন শিশু কনসালট্যান্ট রয়েছেন। আমরা যত্নসহকারে চিকিৎসাসেবা দিচ্ছি।