মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল বিভাগে বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা কী করবেন, সেটি তাদের বিষয়। শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে আসবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে প্রত্যাবর্তন করা হলে সেটিও একটি আইনি প্রক্রিয়া।
আপিল বিভাগে বিলম্ব মার্জনার সুযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের মামলায় বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনে বিলম্ব মার্জনার সুযোগ রাখা হয়নি। তারাই এই আইন করে গেছেন। সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না বলে উল্লেখ রয়েছে। ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা সংবিধানে যে সংশোধনী এনেছিলেন, সেখানে এই বিধান রাখা হয়েছে। এটি তাদেরই করা আইন।
ভারত সরকারের অবস্থান কিংবা শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে ভারত সরকারই বলতে পারবে।