রেজিস্ট্রেশন বিভাগে সেবাগ্রহীতাদের হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, এ বিভাগে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি বা জন-হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নিতে বিন্দুমাত্র পিছপা হবো না। কারণ রেজিস্ট্রেশন বিভাগের সুনামের সঙ্গে আমার সুনামও জড়িত।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রতিবছরের বাজেটে কর আদায়ের অন্যতম ভূমিকা রয়েছে। এটি দ্বিতীয় বৃহত্তম একক সেক্টর। সেই তুলনায় রেজিস্ট্রেশন বিভাগ সবচেয়ে অবহেলিত। তাই এ অবস্থার উত্তরণ প্রয়োজন। এজন্য যা যা করণীয়, তা করা হবে। রেজিস্ট্রেশন বিভাগের যৌক্তিক দাবিগুলো যথাযথ জায়গায় পৌঁছাতেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
রেজিস্ট্রেশন বিভাগ নিয়ে জনমনে থাকা নেতিবাচক ধারণা দূর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ বিভাগ সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা রাখতে হবে। নিজেদের সীমাবদ্ধতা, ঘাটতি ও অযোগ্যতা দূর করে কীভাবে বিভাগটিকে গণমুখী করা যায়, সেই দায়িত্বও নিতে হবে। জনগণ ভোগান্তির শিকার হলে তা হবে বিভাগের জন্য একটি কলঙ্কিত অধ্যায়।
এ বিভাগকে হয়রানিমুক্ত করার প্রত্যয় জানিয়ে আইনমন্ত্রী বলেন, জনগণ যেন রেজিস্ট্রেশন বিভাগের সেবার ওপর আস্থা রাখতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। এজন্য প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের প্রণোদনা ও অনুপ্রেরণার ব্যবস্থা করা হবে। সিনিয়র সাব-রেজিস্ট্রারদের চাহিদাও বিবেচনা করা হবে। তবে সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পেলে জন-হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবো না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
সাব-রেজিস্ট্রারদের বদলিতে লটারি পদ্ধতি আরও সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে আসাদুজ্জামান বলেন, এরই মধ্যে লটারির মাধ্যমে বদলি শুরু হয়েছে। পর্যায়ক্রমে এ পদ্ধতি আরও সম্প্রসারণ করা হবে। এর মাধ্যমে রেজিস্ট্রেশন বিভাগের ওপর মানুষের আস্থা ফিরবে বলে আমরা আশা করছি।